এখন থেকে সড়ক পরিবহন আইন অমন্য করলেই চালকের ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটা হবে। আইনটি কঠোরভাবে বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নিয়েছে সরকার।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এক জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, চালকদের বিদ্যমান আইন ও বিধিমালা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ধারা ১১(১) অনুযায়ী প্রতিটি ড্রাইভিং লাইসেন্সে ১২টি পয়েন্ট বরাদ্দ থাকে। কোনো চালক সড়ক-মহাসড়কে আইন অমান্য করলে অর্থদণ্ড বা কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত শাস্তি হিসেবে লাইসেন্স থেকে দোষসূচক পয়েন্ট কর্তন করা হবে।
বর্তমানে ‘রোড সেফটি পেনাল্টি সিস্টেম’ (আরএসপিএস) অ্যাপের মাধ্যমে ট্রাফিক আইন ভঙ্গ শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট লাইসেন্স থেকে পয়েন্ট কাটা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিআরটিএ আরও জানায়, সড়ক দুর্ঘটনা কমানো এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে এই ব্যবস্থা কার্যকর করা হয়েছে। এ কারণে দেশের সব চালককে ট্রাফিক আইন কঠোরভাবে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।