কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং তালিকায় ১৩তম স্থানে থাকা চীনের পিকিং ইউনিভার্সিটির ডংফাং স্কলারশিপ সম্পন্ন করে ও অ্যাম্বাসেডর নির্বাচিত হয়ে ঢাকায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।উদীয়মান রাজনৈতিক নেতাদের নিয়ে আয়োজিত ডংফাং স্কলারশিপে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করেছেন ডা. আউয়াল।
৫৪টি দেশের ৫৪ জন প্রতিনিধি এই স্কলারশিপে অংশ নিয়েছেন। নিয়ম অনুযায়ী প্রত্যক্ষ ভোটে নির্বাচনের মাধ্যমে অ্যাম্বাসেডর নির্বাচন করে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে সর্বোচ্চ ১৯ ভোট পেয়ে অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ছাত্রদল সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে ডা. আউয়াল বলেন, আমার এই অর্জন বাংলাদেশের অর্জন। বাকি দেশগুলো একটি করে সার্টিফিকেট পেলেও বাংলাদেশ দুইটি সার্টিফিকেট পেয়েছে। পিকিং বিশ্ববিদ্যালয়ের কোড নং ০০১। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ের সাথে চীন ও চীনের কমিউনিস্ট পার্টির ইতিহাস ওতোপ্রোতভাবে জড়িত।
এই ডংফাং স্কলারশিপ তারা ২০১৮ সাল থেকে নিয়মিত আয়োজন করে থাকে। বাংলাদেশ থেকে এবার প্রতিনিধিত্ব করেছি। আমাকে সুযোগ প্রদানের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।এ সময় তিনি আরো বলেন, আপসহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া সর্বদা পড়ালেখার জন্য উৎসাহ দিতেন। তাই আমার এই স্কলারশিপ গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করতে চাই।
তিনি জীবন দিয়েছেন, তারপরও আপস করেন নাই। এখানেই অনন্য ছিলেন বেগম খালেদা জিয়া। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, মরহুমা বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত কামনা করি। এ সময় এই ছাত্রদল নেতাকে বরণ করে নিতে সহস্রাধিক নেতাকর্মী বিমানবন্দরে উপস্থিত ছিলেন।