টানা কয়েক দিনের টানা বৃষ্টি ও দেশের কয়েক জায়গায় সৃষ্ট বন্যার কারণে জনজীবনের মতো প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারেও।জলাবদ্ধতা আর সরবরাহ কমায় এক সপ্তাহের ব্যবধানে অনেক সবজির দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এর সঙ্গে বেড়েছে ডিম ও মাছের দামও। তবে মুরগির বাজারে রয়েছে কিছুটা স্থিতিশীলতা।
জানা যায়, গতকাল (১৭ জুলাই) শুক্রবার রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।বর্তমানে কাঁচামরিচ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৬০ টাকায়। দুই এক জায়গায় অবশ্য বিক্রি হচ্ছে ১৮০ টাকার ওপরেও। এছাড়া শসা ২০০ টাকা, গাজর ১৬০ টাকা, পটল ৮০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, বেগুন ১২০ টাকা এবং কাঁকরোল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা বলছেন, গত সপ্তাহের তুলনায় অনেক সবজির দাম প্রায় দ্বিগুণ হয়েছে। কারওয়ান বাজারের এক সবজি বিক্রেতা বলেন, টানা বৃষ্টিতে অনেক জায়গা থেকে সবজি ঠিকমতো আসছে না। যে পরিমাণ সবজি আসছে, তা চাহিদার তুলনায় কম। তাই পাইকারিতেই দাম বেড়েছে, খুচরা বাজারেও এর প্রভাব পড়েছে।
সবজির বাড়তি দামে ক্ষোভ প্রকাশ করেছেন ক্রেতারা। বাজার করতে আসা এক ক্রেতা বলেন, এক সপ্তাহ আগেও যে শসা ১০০ টাকার আশপাশে ছিল, এখন ২০০ টাকা। প্রায় সব সবজির একই অবস্থা। বৃষ্টির অজুহাতে প্রতিবারই দাম বেড়ে যায়, কিন্তু কমতে অনেক সময় লাগে।
অন্যদিকে মুরগির বাজারে বড় কোনো পরিবর্তন নেই। প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়, ব্রয়লার ১৮০ টাকা এবং লেয়ার ৩৪০ থেকে ৩৫০ টাকায়। মুরগি বিক্রেতারা বলছেন, সরবরাহ ও চাহিদা স্বাভাবিক থাকায় বাজার স্থিতিশীল রয়েছে।
তবে ডিমের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়। আর প্রতি ডজনে ১০ টাকা বেড়ে সাদা ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়।