প্রিন্ট এর তারিখঃ Oct 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 12, 2026 ইং
কুমিল্লায় ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন ছাত্রসহ অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাচ্চু মিয়া গ্রেপ্তার !

এসএসসি পরীক্ষার উত্তরপত্র নিজে মূল্যায়ন না করে নিজের ছাত্রকে দিয়ে খাতা
দেখানোর অভিযোগে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও
তাঁর এক ছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ।সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনার
সৃষ্টি হয়।
পরে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মামলা দায়েরের পর শনিবার
রাতে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় ২০২৬
সালের এসএসসি পরীক্ষার সাধারণ বিজ্ঞান বিষয়ের উত্তরপত্র পরীক্ষক নিজে
মূল্যায়ন না করে তাঁর এক ছাত্রকে দিয়ে মূল্যায়ন করাচ্ছেন।

তদন্তে জানা যায়, অভিযুক্ত মো. বাচ্চু মিয়া কুমিল্লার দেবিদ্বার উপজেলার
আব্দুল্লাহপুর হাজী আমির আলী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এবং বর্তমানে
বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।ভিডিওতে উত্তরপত্র মূল্যায়ন করতে দেখা যাওয়া মেহেদী হাসান একই বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন মহলে ক্ষোভের সৃষ্টি
হয়। পাবলিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ মূল্যায়ন প্রক্রিয়ায় এমন অনিয়মের
সত্যতা পাওয়ার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করে।শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের
নির্দেশে তদন্ত শেষে শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,
কুমিল্লার উপ-পরীক্ষা নিয়ন্ত্রক বাদী হয়ে দেবিদ্বার থানায় মামলা দায়ের
করেন।মামলায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়া ও ছাত্র মেহেদী হাসানকে
আসামি করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন, ১৯৮০-এর ১০,
১২ ও ১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান দৈনিক আমার প্রেরণাকে জানান,
শনিবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি
প্রক্রিয়া শেষে তাঁদের কুমিল্লার আদালতে পাঠানো হয়েছে। তথ্য সংগ্রহে মোহাম্মদ কামাল হোসেন, প্রধান শিক্ষক, মিথিলাপুর হাইস্কুল, বুড়িচং, কুমিল্লা।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক আমার প্রেরণা ডট কম